গোপালগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলার স্বপ্নের ঠিকানা আশ্রয়ণ প্রকল্পের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়।
এরা হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্ডা গ্রামের রনমিয়া ম-লের ছেলে স্বাধীন ম-ল (৩৮), একই জেলার একই উপজেলার খরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (৩০) ও একই গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে মো. মুজিবুর রহমান (৪৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ওই স্থানে ফেরিওয়ালা সেজে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই স্থান থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা ঝুলির ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে এরা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে এ সব মাদক এনে গোপালগঞ্জ বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


0 Comments