তালাক নিয়ে মুসলিমদের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো মাদ্রাসাগুলি৷ সুন্নি সম্প্রদায়ের অন্যতম বড় দরগাহ সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা সিলেবাসে অর্ন্তভুক্ত করা হবে তালাক বিষয়টি৷ মুসলিমদের মধ্যে তালাক নিয়ে সচেতনতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
সম্প্রতি তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট৷ এক নিঃশ্বাসে তিনবার তালাক বললেই তা আর মান্যতা পাবে না বলে রায় দেয় শীর্ষ আদালত৷ এই রায়ের পর দ্বিধাবিভক্ত হয়ে যায় মুসলিম সমাজ৷ কেউ কেউ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানায়৷ কেউ কেউ এই রায়ের বিরোধিতা করেন৷ এদিন দরগাহ প্রধান মুফতি সৈয়িদ কাফিল হাসমি জানান, তালাক (বিবাহবিচ্ছেদ) নিয়ে শারিয়ত আইনে অনেক রক্ষাকবচ আছে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা(মুসলিমরা) শারিয়ত আইন নিয়ে সচেতন নয়। তাই তালাক দেওয়ার আগে কি কি নিয়ম পালন করতে হয়ে তা মাদ্রাসাগুলিতে পড়ানো হবে৷
কোরান ও হাদিসের আলোয় দরগাহ আলা হজরতের সঙ্গে সংযুক্ত মাদ্রাসার পাঠক্রম প্রস্তুত করা হয়৷ দরগাহ আলা হজরত পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলিতে ইতিমধ্যে সিলেবাসে তালাকের অর্ন্তভুক্তি নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ মুফতি জানান, ছাত্রদের তালাক নিয়ে সচেতন করে তুলতে পারলে পরবর্তীকালে তারাই তাদের পরিবারের কাছে তালাকের ক্ষতিকর দিক গুলি তুলে ধরতে পারবে৷ এই ভাবে সমাজে সচেতনতা বাড়বে৷
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তালাককে অসাংবিধানিক বলে রায় দেয়৷ তারপরই দরগাহ আলা হজরতের তরফ থেকে উলেমাদের উদ্দেশ্যে নির্দেশিকা পাঠানো হয়৷ সেই নির্দেশিকায় মুসলিমদের তালাক নিয়ে সঠিক পথ দেখানোর কথা উলেমাদের বলা হয়েছে৷ বিভিন্ন সেমিনারের মাধম্যে তালাক নিয়ে যে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে তা দুর করতেও বলা হয় তাদের৷



0 Comments