মোল্লা জালালউদ্দিন আহমেদ গোপালগঞ্জ জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। তিনি ১৯২৬ সালে বরফা গ্রামে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জ মিশন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয় । তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সহপাঠী ছিলেন ।
বঙ্গবন্ধুর সাহচর্যে ১৪ বছর বয়সে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৪১ সালে তিনি ফরিদপুর সদর মুসলিম ছাত্র লীগের সভাপতি এবং জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।১৯৪৩-১৯৪৬ সময়কালে তিনি নিখিল ভারত ছাত্র ফেডারেশনের কাউন্সিলর ছিলেন।   ১৯৪৮-৪৯ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা সদস্য। 

১৯৭০ এর সাধারন নির্বাচনে তিনি গোপালগঞ্জ থেকে জাতীয় সংসদ সদস্য  নির্বাচিত হন। পেশাগত জীবনে তিনি ঢাকা সুপ্রীম কোর্টের এডভোকেট ছিলেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামে তাঁর অবদান অপরিসীম । স্বাধীনতা উত্তর কালে তিনি বঙ্গবন্ধু মন্ত্রীসভায় ডাক,তার ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন । 

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি প্রভূত পরিশ্রম করেন। বঙ্গবন্ধুর আমৃত্যু সহচর, জাতির জন্য নিবেদিত প্রান এ ব্যক্তিত্ব ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করেন।