টুংগীপাড়া উপজেলার গওহরগাঙ্গা গ্রামে মুসলীম বীর ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর বঙ্গ বিজয়ী তেজতীপ্ত সতের সৈনিকের এক সৈনিকেরই উত্তরসুরী মরহুম পিতা মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ এবং মরহুমা মাতা আমেনা খাতুনের আঙ্গিনায় ফুটে ওঠে ইসলাম সাধক রূপী সুগন্ধি এক সাদা স্বগীয় গোলাপ-দক্ষিণ পূর্ব এশিয়ার উজ্জ্বলতম সূর্য,
এ জামানার হাদী, যুগ সংস্কারক, রেনেসাঁ অন্দোলনের অগ্রদূত মুজাহিদে আযম, আলেমে রববানী, আল্লামা হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী (রাঃ) ওরফে ছদর সাহেব (১৮৯৮-১৯৬৯) । এ মহান স্বর্গীয় সাধকের ছোঁয়ায় টুংগীপাড়া আজ এক অন্যতম ধর্মীয় তীর্থ ভূমি। তাঁর হাতে গড়া গওহরগাঙ্গা জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রসা আজ লাখো মুসল্লির আনাগোনায় মুখরিত। এই মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল শুধু ধর্মীয় অনুষঙ্গই নয় বরং সামাজিক ভাবেও একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। কারণ এ সভা বা মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকায় যেন একটা ঈদের আমেজ বিরাজ করে। দূর দুরান্ত থেকে আসা মুসল্লিদের মেহমানদারীতে মেতে ওঠে নিকটবর্তী এলাকার সর্বস্তরের মানুষ। এই মহান ব্যক্তির হাতে গড়ে ওঠা হাজার হাজার মসজিদ-মাদ্রাসা (আসরাফুল উলুম মাদ্রাসা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ) ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিয়ত টুংগীপাড়ার ইতিহাস ঐতিহ্যকে ধারন করেছে।