ভোরে কিংবা গভীর রাতে উত্তরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে বেশ। উষ্ণ চাদরের আদর ছেড়ে উঠতে ইচ্ছা করে না। গলার কাছটা খুসখুসে ভাব। সর্দি হবে হবে ব্যাপার। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র একবাটি ইষদুষ্ণ, হালকা স্যুপ।
তা সে রকমারি সবজিরই হোক কিংবা মাশরুম বা চিকেন – কয়েক চুমুকেই চাঙ্গা হয়ে উঠবেন অনায়াসে। বাড়িতেই খুব সহজে স্যুপ তৈরির জন্য রইল কয়েকটি রেসিপি।


চিকেন নুডলস স্যুপ
উপকরণ: 
সেদ্ধ মুরগির মাংস – সিকি কাপ, সয়া অয়েল – ২ চা চামচ, সেদ্ধ নুডলস – আধ কাপ, নারকেলের দুধ – ৪ কাপ, কাজুবাদাম কুচি – ৩ টেবিল চামচ, অঙ্কুরিত ডাল – সিকি কাপ, কচি পিঁয়াজ – ৪টি, কাঁচা মরিচ  – ১টি, সাদা গোলমরিচের গুঁড়ো – সিকি চা চামচ, চিনি – আধা চা চামচ, বড় টমেটো – ১টি, পিঁয়াজকুচি – ২টি, রসুনকুচি – আধ চা চামচ, জিরেগুঁড়ো – আধ চা-চামচ, ধনেপাতা সামান্য ও শুকনো মরিচের গুঁড়ো – সিকি চা চামচ। 
পদ্ধতি: 
ফ্রাইং প্যানে তেল দিয়ে কাজুবাদাম, কাঁচালঙ্কা, জিরে, রসুন ও পিঁয়াজ দিয়ে ৪ মিনিট ভেজে এতে টমেটো টুকরো করে দিন। নেড়ে ১ চা-চামচ চিনি, লবন, গোলমরিচ ও নারকেলের পাতলা দুধ দিন। একবার ফুটে উঠলেই আঁচ কমিয়ে মৃদু আঁচে ৬-৮ মিনিট রেখে ওভেন থেকে নামিয়ে রাখুন, যেন গরম থাকে। অঙ্কুরিত ডাল ঝাঁজরিতে নিয়ে ফুটিয়ে রাখা জলে ১ মিনিট রেখে, তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাংস ছোট টুকরো করে কেটে নিন। চারটি স্যুপের বাটিতে সেদ্ধ নুডলস সমান ভাগ করে নিয়ে নুডলসের উপরে অঙ্কুরিত ডাল, মাংস, কচি পিঁয়াজ দিয়ে ২ টেবিল চামচ ঘন নারকেলের দুধ দিন। গরম নারকেলের স্যুপের মধ্যে কাঁচালঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি চিকেন নুডলস স্যুপ।