পিঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। হালে দাম একটু কমলেও মধ্যবিত্তের এখনও পিঁয়াজ সাধ্যের বাইরে। পিঁয়াজের দামবৃদ্ধির ফলে রান্নাঘরে এখন চিকেন বা মটন ব্রাত্য। পিঁয়াজ ছাড়া মাংস! শুনতে অবাক লাগলেও এমন রেসিপি কিন্তু আছে। পিঁয়াজ ছাড়াই বানানো যেতে পারে চিকেন বা মটনের সুস্বাদু পদ।


ঝাল ভাজা মুরগি
উপকরণ
  • দেড় কেজি ওজনের মুরগি
  • আদাবাটা ২ চা-চামচ
  • রসুনবাটা ২ চা-চামচ
  • লঙ্কাগুঁড়া ১ টেবিল চামচ
  • গোলমরিচগুঁড়ো ২ চা-চামচ
  • নুন স্বাদমতো
  • চিকেন মশলা ১ চা-চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • ময়দা প্রয়োজন মতো
  • চিনি স্বাদমতো
  • ঠান্ডা জল
  • তেল (ভাজার জন্য)
  • বেকিং পাউডার ১ চা-চামচ
পদ্ধতি
প্রথমে মুরগি মাংস কেটে মাঝারি সাইজের কয়েকটি টুকরা করুন। এবার ভালভাবে ধুয়ে ২ চা-চামচ নুন মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। ভাল করে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সঙ্গে আদাবাটা, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, চিকেন মশলা ও লেবুর রস মিশিয়ে দিন। ৩ থেকে ৪ ঘণ্টা এভাবেই রেখে দিন। এবার একটি পাত্রে ময়দা নিয়ে তাতে ১ চা-চামচ লঙ্কাগুঁড়া, ১ চা-চামচ গোলমরিচগুঁড়ো, সামান্য নুন, চিনি ও বেকিং পাউডার মিশিয়ে রাখুন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে মুরগির টুকরাগুলো মিশ্রণে মাখিয়ে গরম তেলে অল্প আঁচে ভেজে নিন। লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে রাখুন। ঝাল ভাজা চিকেন তৈরি।