গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক আব্দুস সাত্তার (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তারের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার উত্তরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি অ্যাম্বুলেন্স বিজয়পাশা এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ চারজন মারাত্মত আহত হন। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সের চালক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।