গোপালগঞ্জের সদর উপজেলায় এক পোশাককর্মীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, ওই পোশাককর্মী (২৫)গাজীপুর থেকে খুলনা যাওয়ার পথে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইনসের কাছে এসে পৌঁছায়।
রাত হয়ে যাওয়ায় এবং যানবাহন না থাকায় তিনি সেখানে বসে থাকেন। এ সময় ইজিবাইক চালক খায়রুল আলম (৩৫) তাকে সকালে ইজিবাইকে করে খুলনায় পৌঁছে দেওয়ার কথা বলে রাতে তার বাড়িতে মা-বোনের কাছে থাকার প্রস্তাব দেয়।
এতে পোশাককর্মী রাজি হয়ে তার সঙ্গে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায় খায়রুল। রাত ১০টার দিকে স্থানীয় লোকের সহায়তায় ওই পোশাককর্মী পুলিশের কাছে আসে।
এ ঘটনায় পর পুলিশ অভিযান চালিয়ে খায়রুলকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সদর হাসপাতালে করা হবে বলে জানান ওসি।



0 Comments